Parenting
শার্পনেস নাকি পরিশ্রম? সন্তানকে কীভাবে প্রশংসা করছেন?

Written by © Mani Ruzzaman
"আমার ছেলেটা খুবই শার্প। কিন্তু একদম পড়ে না।ঠিকমত পড়লে যা করতো না!" - এরকম একটা ঢপের চপ বাঙালি প্রায়শই দিয়ে থাকে।
একদিন মাইশাকে পড়তে বসানো হয়েছে। সে কিছু একটা করতে চাইছে না। ঘ্যান ঘ্যান করছে। অজুহাত দিচ্ছে কিছু। শেষে করেছে। ওর মা তখন বলেছে," দেখলে তুমি করতে চাইলে কত তাড়াতাড়ি করে নিতে পারো। কিন্তু করতেই চাও না!"
নিষেধ করলাম এভাবে বলতে। কেন?
এর জন্য পিছিয়ে যেতে হবে প্রায় তিন দশক। সেসময় ছোট। আব্বার কাছে দিনরাত বকা খাই। আমি যে গাধা, অপদার্থ এসব শুনি। বিশ্বাসও করি। কারন বাচ্চারা নিজেদের সম্বন্ধে যা শোনে সেটাই তার পরিচয় হয়ে ওঠে। একটু বড় হতে গাধা ফাধা এসব তো শুনি বটে কিন্তু তার সাথে সাথে আব্বাকে অন্যদের বলতে শুনি,"আমার ছেলেটা খুবই শার্প। কিন্তু একদম পড়ে না।ঠিকমত পড়লে যা করতো না!"
এটা একটা কনফিউজিং সিগন্যাল ছিল। গাধা নাকি শার্প! কোনটা সত্য?
যাইহোক, ছোট থেকে এজন্য আত্মবিশ্বাস ছিল কম।
বড় হয়ে। মানে তখন মেসে/ হোস্টেলে থাকি। সেইসময় নিজেকে গাধা ভাবা বন্ধ হয়েছে। মেস/হোস্টেলে থাকার দরুন অনেক "মেধাবী" ছাত্রের সাথে অনেক গভীরে পরিচয় হয়েছে।
দেখেছি যে যাদের একসময় আকাশের চাঁদ ভাবতাম তারা আসলেই বিরাট আলাদা কোন কিছু নয়। তবে সাধারণত তারা প্রত্যেকেই অনেক বেশি পরিশ্রমী।
এসময় ধীরে ধীরে নিজের মধ্যে ওই ভাবনাটা, "আমি তো পড়ি না। ওদের মত পড়লে তো ওদের থেকে অনেক বেশি পেতে পারতাম"
এই ভাবনাটা একেবারেই ভ্রান্ত আঙ্গিক থেকে ভাবা।
প্রথমত Nobody gives a fcuk about how sharp you are. দ্বিতীয়ত, বয়স বাড়ার সাথে সাথে ভয়ের সাথে পর্যবেক্ষন করেছি যে, চাইলেই বেশী পড়া যায় না। চাইলেই বেশী পরিশ্রম করা যায় না।
আর সবকিছুর মত, বেশী পরিশ্রম করাটা নিজেই একটা স্কিল।এই স্কিলটাও ঘষে মেজে গড়ে তুলতে হয়। যে কোনদিন বেশী পরিশ্রম করেনি, সে চাইলেই বেশী পরিশ্রম করতে পারবে না।
সাধারণ মানুষের বুদ্ধি গ্রাফে প্লট করলে ঘণ্টার মত দেখাবে। বেশিরভাগ মানুষের বুদ্ধি কম বেশী একইরকম হয়।
খুব বেশি বুদ্ধি বা খুব কম বুদ্ধি দুটোই সংখ্যায় কম।
বাদবাকি যারা হরেদরে কাছাকাছিই, তাদের ক্ষেত্রে কেবল বুদ্ধি দিয়ে জীবনে আলাদা বিরাট এচিভমেন্ট করা সম্ভব না।
দরকার কঠোর পরিশ্রম। মেয়েকে এজন্য কখনোই বলতে চাই না যে সে বুদ্ধিমতী। সে নিজের পরিচয় বানাক যে সে পরিশ্রমী।
ফিরে আসি মাইশাকে পড়তে বসানো নিয়ে। ওকে যখন বলা হয়,"দেখলে তুমি করতে চাইলে কত তাড়াতাড়ি করে নিতে পারো। কিন্তু করতেই চাও না!"
এতে করে বাচ্চার মধ্যে একটা মিথ্যা বিশ্বাস আসে যে সে চাইলেই পারে। চাইছে না তাই। যেরকম আলোচনা করলাম - এই বিশ্বাস ক্ষতিকর।
পাল্টে কী বলতে হবে তাহলে? " বাঃ, তোমার আজকে ইচ্ছা করছিল না তাও তুমি পড়া শেষ করলে। হোমওয়ার্ক শেষ করার তোমার এই ডিসিপ্লিন দুর্দান্ত।"
এতে ফোকাস করা হচ্ছে তার কাজ করার ক্ষমতাকে। এটাই দরকার।